সারাদেশ
টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৫

ছবি : সংগৃহীত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরই জেরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ।






