সারাদেশ
জীবিত থেকেও মৃত তিনি, পাচ্ছেন না নাগরিক সেবা

ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত মো. ইসমাইল (৩৭) নামের এক কৃষক। ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি।
ইসমাইল চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চর ফকিরা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
জানা গেছে, প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙ্গুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। তারা জানান, তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত। বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও তিনি জীবিত হতে পারেননি।
ভুক্তভোগী ইসমাইল আক্ষেপ করে বলেন, আমি সশরীরে উপস্থিত থাকার পরও কাগজে-কলমে আমাকে মৃত দেখানো হয়েছে। দুই মাস ধরে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ঘুরছি, এখনো ডাটাবেজে জীবিত হতে পারিনি। এই ভুলের কারণে সিম কেনাসহ জরুরি কোনো নাগরিক সুবিধাই পাচ্ছি না।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুদ্দিন জানান, বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেলেই ডাটাবেজে তাকে পুনরায় জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে





