আন্তর্জাতিক

ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই

টিআরটি ওয়ার্ল্ড।

শেয়ারঃ

ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই

ছবি : সংগৃহীত

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান সরাসরি আমেরিকান ভূমিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।


একটি নিরাপত্তা বুলেটিন অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই সতর্কতা দিয়েছিল গোয়েন্দা সংস্থাটি। তারা বলেছিল, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ নিতে তেহরান ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে।

একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত ‘লস অ্যাঞ্জেলেস জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টার’-এর মাধ্যমে এফবিআই এ গোপনীয় সতর্কতা জারি করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ ১২তম দিনে গড়ালে বুধবার (১১ মার্চ) সতর্কবার্তাটি প্রকাশ্যে আসে।


এফবিআইর এ নিরাপত্তা বুলেটিনের খবর প্রকাশের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইরান-সমর্থিত হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজওম বলেন যে, অঙ্গরাজ্যটির ওপর কোনো ‘আসন্ন হুমকির’ বিষয়ে তিনি অবগত নন।

নিরাপত্তা বুলেটিনটির একটি অশ্রেণিবদ্ধ অনুলিপিতে কোনো তারিখ ছিল না। তবে এর পাঠ্যক্রম থেকে স্পষ্ট বোঝা যায় যে, এটি যুদ্ধ শুরু হওয়ার আগেই জারি করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা আগে থেকেই বিবেচনায় ছিল। এতে এফবিআইর তথ্যের বরাত দিয়ে বলা হয় যে, ফেব্রুয়ারির শুরুতে ইরান ‘কথিতভাবে সমুদ্রগামী জাহাজ থেকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে’ ক্যালিফোর্নিয়ার লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল, যদি ‘যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়।’

বুলেটিনটিতে আরও বলা হয়, ‘এ ধরনের কোনো হামলার সময়, পদ্ধতি, লক্ষ্যবস্তু বা অপরাধীদের সম্পর্কে আমাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।’ তবে এই বুলেটিন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।


সম্পর্কিত খবর