আন্তর্জাতিক
ওমানে ড্রোন বিধ্বস্তে ২ প্রবাসী নিহত

ছবি : সংগৃহীত
ওমানের সোহার প্রদেশে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নিহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সি বলছে, শুক্রবার (১৩ মার্চ) আল-ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত ও দুইজন আহত হন।
প্রতিবেদনে বলা হয়, সোহার প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এ দুটি ঘটনায় তদন্ত চলমান বলে ওমান কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের কূটনৈতিক এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা







