সারাদেশ
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগী নারীর আলটিমেটাম

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন রূপগঞ্জের দুই সন্তানের এক জননীকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ করে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার বিচার চেয়ে আলটিমেটাম দিয়েছেন।
ধর্ষণের অভিযোগে থানা পুলিশ মামলা নিচ্ছে না। কোর্টে মামলা করতে গেলে নাসিরের লোকজন তাকে অপহরণের চেষ্টা করে বলে নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন।
ওই নারী মঙ্গলবার বিকালে রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
নির্যাতনের শিকার নারী বলেন, ধর্ষণের সুষ্ঠু বিচার না পেলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করবেন তিনি।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী দাবি করেন, প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন, বিদেশে (সুইজারল্যান্ড) চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন নাসির।
তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত চত্বরে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যাচ্ছে। আমার মতো আর কোনো নারী যেন এমন ঘটনার শিকার না হয়। দ্রুতবিচার না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি।
বিএনপি নেতা নাসির উদ্দীন বলেন, আমি বিগত আওয়ামী লীগের আমলে সংগ্রাম করা মানুষ। এতদিন এমন অভিযোগ এলো না। এখন সামনে তারাব পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
তিনি বলেন, সামাজিকভাবে আমাকে হেয় করার জন্যই আমার প্রতিপক্ষ এই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলেছে। খালি মাঠে কি ধর্ষণ সম্ভব?






