শিক্ষাঙ্গন

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬, দেখবেন যেভাবে

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬, দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ।


বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

পরীক্ষার্থী ও পাসের পরিসংখ্যান প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।


গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াত ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন।

এ ছাড়া তাহফিজুল কুরআন ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন ও ইলমুত তাজবিদ ওয়াল কিরাতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১ হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রসহ মোট অসংখ্য কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


ফলাফল জানবেন যেভাবে

পরীক্ষার বিস্তারিত ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে আপাতত শুধু ২০২৬ সালের নতুন ফলাফল প্রদর্শন করা হচ্ছে।

তবে আগামী শাওয়াল মাস থেকে ২০০৯ হতে ২০২৫ সাল পর্যন্ত বিগত বছরগুলোর ফলাফলও এই ওয়েবসাইটে দেখা যাবে।


সম্পর্কিত খবর