সারাদেশ
কমিশন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ-লুটপাট, ছুরিকাহত ১
ছবি : সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরে জমি কেনাবেচার কমিশনের ভাগবাটোয়ারা নিয়ে দুই বিএনপি নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি এলাকায় এ ঘটনায় উভয়পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষের জেরে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।
বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার বিকালে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানিয়েছেন, জমিজমা কেনাবেচার কমিশন নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এটা রাজনৈতিক কোনো বিরোধ নয়।
তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিন আগে এলাকায় ‘নর্দান হ্যাচারি’ নামে একটি প্রতিষ্ঠানের ৪২ বিঘা জমি ১০৮ কোটি টাকায় বিক্রির চুক্তি হয়। এ জমি কেনাবেচায় তিনি, সায়েদুল ইসলাম সায়েদসহ কয়েকজন বিএনপি নেতা মধ্যস্থতা করেন।
তিনি অভিযোগ করেন, জমি বিক্রির ১৩ কোটি টাকার কমিশনের মধ্যে তার ভাগে তিন কোটি টাকা পাওয়ার কথা থাকলেও সায়েদুল ইসলাম তা না দিয়ে টালবাহানা করেন। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। পাশাপাশি তাকে ‘চাঁদাবাজ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় উত্তেজনা আরও বাড়ে।
তোফাজ্জল হোসেন আরও বলেন, তার বাড়িঘর ভাঙচুরের পর সায়েদের লোকজনরা তার সমর্থক আরাফাত হোসেনকে (২২) ছুরিকাঘাত করেছে।
তোফাজ্জল হোসেনের স্ত্রী স্কুল শিক্ষক হোসনে আরা বেগম দাবি করেন, জমি বিক্রির কমিশনের তিন কোটি টাকা না দেওয়াকে কেন্দ্র করে বিরোধে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় ঘরে মেয়ের বিয়ের জন্য রাখা পাঁচ লাখ টাকা ও ছয় ভরি সোনার গয়না লুট করা হয়েছে।
অন্যদিকে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ দাবি করেন, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তোফাজ্জলের নেতৃত্বে ৪০-৫০ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার মা-বাবাকে মারধর এবং গ্যারেজে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর জের ধরেই পরে পাল্টা হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, তোফাজ্জল নিজেই চাঁদাবাজ। এলাকায় কেউ জমি কিনলে এবং বিক্রি করলে তোফাজ্জলকে চাঁদা দিতে হয়।
সায়েদুল ইসলাম সায়েদ বলেন, নর্দান হ্যাচারির জমি বিক্রিতে তোফাজ্জলের কোনো ভূমিকা নেই। আমি নিজ উদ্যোগে জমি কেনাবেচা করেছি। তোফাজ্জল সেখান থেকে আমার কাছে চাঁদা দাবি করেন। এ নিয়েই তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, জমির কমিশন নিয়ে দ্বন্দ্বের জেরে নিজেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সায়েদুল ইসলাম সায়েদ লিখিত অভিযোগ দিয়েছেন। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, তোফাজ্জল হোসেনের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






