সারাদেশ

তেল না পেয়ে শটগান হাতে তাণ্ডবের চেষ্টাকারী ইটভাটা মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

তেল না পেয়ে শটগান হাতে তাণ্ডবের চেষ্টাকারী ইটভাটা মালিক গ্রেফতার

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে পেট্রল পাম্পে তেল না দেওয়ায় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় শফিউল আজম খান ওরফে বিকে আজম (৫৫) নামের এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে পুলিশ।


এ সময় তার কাছ থেকে একটি বারো বোর শটগান জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ বিকাল সোয়া ৫টা দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন মেসার্স এশিয়া লিংক পেট্রোলিয়াম পাম্পে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে আসেন ওই ব্যক্তি। নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হলে তিনি অতিরিক্ত তেলের দাবি করেন।


অভিযোগ রয়েছে, দাবি পূরণ না হওয়ায় তিনি পাম্পের কর্মচারীদের হুমকি দিতে থাকেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজের গাড়ি থেকে একটি শটগান বের করে পাম্পের অফিস কক্ষে ঢুকে পড়েন। এসময় তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে উপস্থিত কর্মচারীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন।


ঘটনার পর পাম্পের পরিচালক অধ্যাপক নুরুল হক নুরু বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৪৪৮, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় রুজু করা হয়েছে।

পরে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত লাইসেন্সকৃত শটগানটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সম্পর্কিত খবর