সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় বাস উল্টে নিহত ২, আহত ২০

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

চট্টগ্রামের পটিয়ায় বাস উল্টে নিহত ২, আহত ২০

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে পথচারীসহ ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত আরো ২০ জন আহত হয়েছেন।


শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের পটিয়া বাইপাস সড়ক অতিক্রম করার সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।


খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। এসময় আহতদের উদ্ধার করে ২১ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই বাসের সহকারী সোলেমান (৪৫)কে মৃত ঘোষণা করে। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে পথচারী পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আবুল কাশেম (৬৫) মারা যান।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুপ চৌধুরী জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আরো কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে রয়েছেন- মিনাক্ষি (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহীম (৫৫), প্রবীর শীল (৪২), শাওরিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আকতার বেগম (৫৪), ওয়াজিদা (৯), সুবাইকা জান্নাত (২০), ইউনুস (৩৮), ইসলাম খাতুন (৭০), আবু হানিফ (৩৮), মিরাজুল হক (১৪), মাইমোনা (৭), প্রান্ত শীল (১৭), জাহান (৪০), আদিত্য বিশ্বাস (১৩) এবং একজন অজ্ঞাত ব্যক্তি।


দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া সেরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর