সারাদেশ
মাতলামিতে অতিষ্ঠ হয়ে যুবককে পিটিয়ে হত্যা করলেন শ্যালক-শ্বশুর

ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত মদ পান করে মাতলামির অভিযোগে শ্যালক ও শ্বশুর মিলে তাকে পেটানোর কথা জানান স্থানীয়রা।
এ ঘটনায় তার শ্বশুর ও শ্যালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি বিয়ে করে রূপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার হিসেবে কাজ করতেন।
আটককৃতরা হলেন- নিহতের শ্বশুর আবু হানিফ, শ্যালক বাবু মিয়া এবং স্থানীয় আরও তিনজন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত সাবু দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও প্রচুর মদ সেবন করে আসছিলেন। মাদকাসক্তির কারণে প্রায়শই ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়তেন। বাদ যায়নি ঈদের দিনেও। ওই রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাকে তাড়িয়ে দেয়। একপর্যায়ে শ্বশুরবাড়ি গিয়ে ঝগড়াঝাঁটি করে ভাঙচুরের তাণ্ডব চালায়। মাতলামির কারণে অতিষ্ঠ হয়ে শ্বশুর ও শ্যালকসহ কয়েকজনে তাকে মারধর করেন। এতে আহত অবস্থায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত সাবুর স্ত্রী বলেন, মাঝে মধ্যে মদ খেয়ে ঝগড়াঝাঁটি ও অনেক মারপিট করত। নিজেই মদ বানাত। আমার বাপ-ভাই তাকে পিটানোর আগে ওপার (সাভার) থেকে প্রচণ্ড মার খেয়ে আসছিল। তাদেরও গ্রেফতার এবং বিচার চাই আমি।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক ও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।







