আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের কোবরা মিটিং

বিবিসি।

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের কোবরা মিটিং

ছবি : সংগৃহীত

ইরানের ওপর অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এর পর থেকে বিশ্বব্যাপী উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। বিশেষ করে জ্বালানির মূল্য হু হু করে বাড়ায় দুর্ভোগের শিকার হচ্ছে পৃথিবীর প্রায় সব মানুষ। লাফিয়ে বাড়ছে পরিবহণ খরচ, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। এমতাবস্থায় কোববার বৈঠক ডেকেছে ব্রিটিশ সরকার।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনার জন্য আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে সরকারের জরুরি কমিটি ‘কোবরার’ একটি বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।


চ্যান্সেলর র‍্যাচেল রিভস, পররাষ্ট্র সচিব ইভেট কুপার এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে মূলত জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।


সংঘাত চলমান থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকার কীভাবে সহায়তা করবে, তা স্পষ্ট করার জন্য ডাউনিং স্ট্রিট (প্রধানমন্ত্রী কার্যালয়) চাপের মুখে রয়েছে। আজ সকালেই আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের সংকট এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।


কোবরার কাজ কী

যুক্তরাজ্যের কোবরা হলো একটি জরুরি সংকট মোকাবিলা কমিটি, যা দেশের জাতীয় নিরাপত্তা বা জনজীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের কাজ করে।

এই কমিটির প্রধান কাজগুলো হলো: জাতীয় সংকট ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, জরুরি ব্রিফিং ইত্যাদি।


সূত্র: বিবিসি।


সম্পর্কিত খবর