আন্তর্জাতিক
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বিলুপ্তের নির্দেশ বালেন সরকারের

ছবি : সংগৃহীত
দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে নেপালের নবগঠিত সরকার। আগামী ৬০ দিনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো থেকে সব রাজনৈতিক দল-সংযুক্ত ছাত্র সংগঠন ও তাদের সাংগঠনিক কাঠামো সম্পূর্ণ বিলুপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের অনুমোদিত ১০০ দফার সুশাসন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান কমে যাওয়া এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার যে অভিযোগ ছিল, তা নিরসনেই সরকারের এই কঠোর অবস্থান। কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানচর্চার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা।
বিকল্প ব্যবস্থা: স্টুডেন্ট কাউন্সিল
তবে রাজনৈতিক ছাত্র সংগঠনের পরিবর্তে শিক্ষার্থীদের অধিকার ও মতামত তুলে ধরার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং নির্দলীয় ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে তারা।
নেপাল সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দলীয় ছাত্র সংগঠনের কাঠামো অপসারণ করা হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে।
এই সংস্কারের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে, রাজনৈতিক প্রভাব যেন কোনোভাবেই শিক্ষার অগ্রাধিকারকে ছাপিয়ে না যায়। ছাত্র রাজনীতির নামে চলমান অস্থিতিশীলতা বন্ধ করে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে একটি আধুনিক ও পেশাদার শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ নতুন এক অধ্যায় শুরু হয়েছে। এক গণঅভ্যুত্থানের শেষে র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ (যিনি ‘বালেন’ নামেই পরিচিত) এবং তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নেপাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। ২৭ মার্চ তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
সূত্র: নেপাল নিউজ






