সারাদেশ

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে, সমালোচনার মুখে নিলাম

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ ওসির বিরুদ্ধে, সমালোচনার মুখে নিলাম

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে অবশেষে প্রশাসন ঘোড়াগুলো ফেরত এনে সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করেছে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় অসুস্থ হয়ে একটি ঘোড়া মারাও যায়।


হঠাৎ করে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গত রোববার ভোরে অনেকটা গোপনে এক ব্যক্তির কাছে ৮টি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে পোস্ট করে। মুহূর্তেই ঘোড়া বিক্রির খবর ভাইরাল হলে সেই ঘোড়া থানা পুলিশ ফেরত নিয়ে আসে। এরপরও অভিযোগ ওঠে ফেরত আনা ঘোড়াগুলো উপজেলা প্রশাসন নিলামে বিক্রি করে দেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোড়াগুলো ফেরত এনে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিলামের আয়োজন করে। নিলামে অংশ নেন একাধিক ক্রেতা এবং প্রতিযোগিতামূলক দর হাঁকার মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয় বলে জানা গেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি; সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।


তবে স্থানীয়দের অভিযোগ, শুরুতে গোপনে কম দামে বিক্রির চেষ্টা না হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর