সারাদেশ

২৫ মণের ‘দানব’ মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

২৫ মণের ‘দানব’ মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়

ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মণ ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে।

মাছটি ধরা পড়েছে বঙ্গোপসাগর নিকটবর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার আমুয়া মৎস্য বন্দর মাছের আড়তে মাছটি নিলামে উঠালে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।


কাঁঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি ও স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ শিকারে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে এ দানব মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান মাছের আড়তদার আব্দুল হাই।


স্থানীয়রা জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেক দিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।



সম্পর্কিত খবর