সারাদেশ
বাউফলে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল নামের এক ব্যক্তির কাছ এক বছরের জন্য জমি লিজ নিয়ে স্থানীয় কৃষক ফিরোজ গাজী তরমুজ চাষ করেন। মঙ্গলবার মিজানুর রহমান নামের এক ব্যক্তি দলবল নিয়ে ওই চরে গিয়ে জমি তার নিজের দাবি করেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ গাজীকে পিটিয়ে জখম করেন মিজানুর রহমান ও তার দলবল।
খবর পেয়ে ফিরোজ গাজীর আত্মীয়-স্বজন ওই চরে গিয়ে মিজানুর রহমান ও তার সহযোগীদের আটক করে মারধর করেন। আহত অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমানের সহযোগী উজ্জ্বল কর্মকারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
ফিরোজ গাজী অভিযোগ করে বলেন, আমি এক বছরের জন্য লিজ নিয়ে জমিতে তরমুজ চাষ করেছি। মিজান দলবল নিয়ে এসে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়ায় আমাকে বেদম মারধর করে।
চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ওই জমি আমার। আমার জমিতে জোরপূর্বক ফিরোজ গাজী তরমুজ চাষ করেছেন। মঙ্গলবার আমি জমিতে গেলে ফিরোজ গাজী দলবল নিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা করে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





