সারাদেশ

জুলাই হত্যা মামলায় জামিন পেয়ে প্রধান শিক্ষককে হত্যাচেষ্টা, আ. লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

জুলাই হত্যা মামলায় জামিন পেয়ে প্রধান শিক্ষককে হত্যাচেষ্টা, আ. লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমিনুল ইসলাম উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এক নারী শিক্ষককে হত্যাচেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় একাধিক মামলা রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকালে আমিনুল ইসলাম সুজন তার সহযোগীদের নিয়ে উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা ইসলামের কক্ষে ঢুকে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ৩০ মার্চ ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আমিনুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।


জানা গেছে, আমিনুল ইসলাম এক সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি পদটি ছেড়ে দেন। পরে দলীয় প্রভাব খাটিয়ে ও ভুয়া ডিজি প্রতিনিধি পরিচয়ে পুনরায় ওই পদে নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সম্প্রতি তিনি আদালতে সপদে বহাল হওয়ার রায় পেয়েছেন দাবি করে কর্মস্থলে যোগ দিতে যান। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চেয়ার ছাড়তে আপত্তি জানালে বাগবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে।


এর আগে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় আমিনুল ইসলাম গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বিদ্যালয়ে গিয়ে এ কাণ্ড ঘটান বলে অভিযোগ রয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শামসুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।


সম্পর্কিত খবর