সারাদেশ

ভাঙ্গায় তুচ্ছ ঘটনায় চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ভাঙ্গায় তুচ্ছ ঘটনায় চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মাইকিং করাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০টি দোকানপাট ভাঙচুরসহ প্রায় ৪০ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ছয়টার সময় ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে ঘণ্টাব্যাপী টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুরাবাদ, খাপুরা মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের কয়েকজন যুবক ফুটবল খেলার জন্য মাইকিং শুরু করেন। এ সময় মুনসুরাবাদ গ্রামের শওকতের ছেলে রাহাদ, সাদ্দাম তারেকের সঙ্গে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি ও একপর্যায়ে মারামারি হয়।

মারামারির সূত্র ধরে খাপুরা গ্রামের কয়েকজন যুবক মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতবরকে মারধর করে। মারধরের খবর মুনসুরাবাদ গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের শতশত লোক দেশীয় অস্ত্র নিয়ে খাপুরা গ্রামের লোকজনকে ধাওয়া দেয়।


পরে খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়া তিন গ্রামের লোকজন একত্রে হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চার গ্রামের ৪০ জন লোক আহত হন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই মামুন খান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এ এলাকার চার গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।


সম্পর্কিত খবর