খেলাধুলা
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ল ৬ গুণ!

ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির নতুন ধাপ শুরু হতেই এর দাম নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) টিকিট বিক্রির ওয়েবসাইট পুনরায় চালু হওয়ার পর দেখা গেছে, ফাইনাল ম্যাচের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০,৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার সমান।
গত ডিসেম্বর মাসেও এই টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে এর দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
এবারের বিশ্বকাপে ফিফা 'ডায়নামিক প্রাইসিং' বা পরিবর্তনশীল মূল্য পদ্ধতি ব্যবহার করছে। এর ফলে চাহিদা বাড়ার সাথে সাথে টিকিটের দামও পাল্লা দিয়ে বাড়ছে। শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দামও সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। যেমন, মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৯৮৫ ডলারে।
অন্যদিকে, কানাডার প্রথম ম্যাচের টিকিটের দামও আগের তুলনায় বাড়ানো হয়েছে। তবে আশার কথা হলো, এবারই প্রথম ফুটবল ভক্তরা লটারির বদলে সরাসরি নিজেদের পছন্দমতো আসন বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
টিকিট বিক্রির এ প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না। বুধবার ওয়েবসাইট চালু হওয়ার পর কারিগরি ত্রুটির কারণে অনেক ভক্তকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অনেকে ভুল লিঙ্কে প্রবেশ করে বিভ্রান্তিতে পড়েন। যদিও পরে ফিফা দাবি করেছে যে, সব সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়া ফিফা জানিয়েছে, সব টিকিট এখনই ছাড়া হয়নি; টুর্নামেন্ট চলাকালীনও ধাপে ধাপে আরও টিকিট ছাড়া হবে।
ফিফার এ আকাশচুম্বী দাম নির্ধারণের নীতি নিয়ে খোদ আমেরিকার রাজনীতিকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন কংগ্রেসের ৬৯ জন সদস্য ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি লিখে জানিয়েছেন, এ পদ্ধতি ফুটবলকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
তাদের মতে, ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর হতে যাচ্ছে, যেখানে সাধারণ ভক্তদের চেয়ে ধনকুবেরদের প্রাধান্য বেশি। তবে ফিফা সভাপতি এ দাম বৃদ্ধির পেছনে অভাবনীয় চাহিদাকে দায়ী করে বলেছেন, তারা আইনি পথেই এই বাণিজ্য করছেন। বর্তমানে ফুটবল দুনিয়ায় ৪৮ দলের এ বিশাল আয়োজন ঘিরে যেমন উত্তেজনা কাজ করছে, তেমনি টিকিটের উচ্চমূল্য নিয়ে সাধারণ ভক্তদের মনে বড় ধরনের আক্ষেপও তৈরি হয়েছে।
সূত্র: এপি।







