খেলাধুলা

তিন ক্রিকেটার, মন্ত্রীর ৩ ছেলে আর প্রতিমন্ত্রীর স্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

তিন ক্রিকেটার, মন্ত্রীর ৩ ছেলে আর প্রতিমন্ত্রীর স্ত্রী

ছবি : সংগৃহীত

গত অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রক্রিয়া স্বচ্ছ ছিল না; এমন অভিযোগে ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ।

৩ মাসের জন্য গঠন করা হয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। সেই কমিটির সদস্য সংখ্যা ১১ জন। অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক তারকা ওপেনার তামিম ইকবালকে।


গঠিত সেই ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন তিনজন ক্রিকেটার, তিনজন মন্ত্রীর ছেলে এবং প্রতিমন্ত্রীর স্ত্রী। পাঁচজনের বাড়ি আবার চট্টগ্রামে।

তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমদ ও ফাহিম সিনহা।


তামিমসহ সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, সালমান ইস্পাহানি—এই পাঁচজন চট্টগ্রামের স্থানীয়।

তামিম ইকবাল ছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। সাবেক ক্রিকেটার আতহার আলী খান বর্তমানে ধারাভাষ্য পেশায় জড়িত।

মির্জা ইয়াসির আব্বাস প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে।

এছাড়া রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।


বাকি চারজন হলেন-

তানজিল চৌধুরী: বিসিবির সাবেক পরিচালক ও বর্তমানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান।

সালমান ইস্পাহানি: ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান।

রফিকুল ইসলাম বাবু: বিসিবির সাবেক পরিচালক।

ফাহিম সিনহা: সাবেক পরিচালক।



সম্পর্কিত খবর