খেলাধুলা
তামিমকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন দায়িত্ব পাওয়া তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তামিমের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করে। দায়িত্ব নেওয়ার পরপরই দেশের ক্রিকেটে শৃঙ্খলা ও সুনাম ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক এই অধিনায়ক।
এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছে ভারতের ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে।’
এদিকে, আগের কমিটি ভেঙে দেওয়ার পেছনে নির্বাচন নিয়ে অনিয়ম, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে আসে।
এসব অভিযোগের প্রেক্ষিতেই এনএসসি এই সিদ্ধান্ত নেয়। নতুন অ্যাড-হক কমিটিকে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপড়েনের মধ্যে থাকলেও তামিমকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বিসিসিআই। ফলে দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।






