রাজনীতি

অবিলম্বে গণরায় বাস্তবায়ন করুন : সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

অবিলম্বে গণরায় বাস্তবায়ন করুন : সেলিম উদ্দিন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অবিলম্বে সরকারকে গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।


বুধবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।


মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক রায় প্রদান করেছে। তাই সরকার যদি এ সনদ শতভাগ বাস্তবায়ন না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণরায় বাস্তবায়নে বাধ্য করা হবে। তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


তিনি বলেন, সরকারের বয়স মাত্র এক মাস। এত অল্প সময়ের মধ্যে রাজপথে নামতে হবে—এটা কেউ ভাবেনি। জনগণের প্রত্যাশা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে দেশের সমস্যাগুলোর ন্যায়সঙ্গত সমাধান করা হবে এবং ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেয়ার পরও সরকার গণরায়ের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।


সেলিম উদ্দিন আরো বলেন, জুলাই সনদ অনুযায়ী স্বাধীন বিচার বিভাগ ও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা থাকলেও সরকার সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা কিছু ষড়যন্ত্রকারী দেশকে বিভ্রান্ত করার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।


তিনি বলেন, দেশ ও জাতিস্বার্থবিরোধী এসব ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াত আন্দোলন শুরু করেছে। এ আন্দোলন জনগণকে সঙ্গে নিয়েই পরিণতির দিকে এগিয়ে নেয়া হবে। সরকারকে হঠকারিতা পরিহার করে অবিলম্বে গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান তিনি। অন্যথায় এর জন্য সরকারকে চড়া মূল্য দিতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, এবি পার্টির থানা সভাপতি রিয়াজ উদ্দিন, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, হাতিরঝিল অঞ্চলের টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান এবং পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির নূরুল ইসলাম আকন্দসহ নেতাকর্মীরা।



সম্পর্কিত খবর