সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতার তিন পুলিশ সদস্য কারাগারে

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ইয়াবাসহ গ্রেফতার তিন পুলিশ সদস্য কারাগারে

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ৯৩ পিস ইয়াবাসহ তিন পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর খুলশী থানাধীন ফয়’স লেকের রূপসী বাংলা আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।


শুক্রবার তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার মো. ফরহাদ হোসেন, ঢাকা জেলার কামরুল ইসলাম ও মো. জিহাদ হোসেন। গ্রেফতার তিনজনই দামপাড়া পুলিশ লাইনসে বিশেষায়িত ফোর্স (এসএএফ) হিসেবে কর্মরত ছিলেন। এরই মধ্যে অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে সময় কাটানোর জন্য ফয়’স লেকের রূপসী বাংলা আবাসিক হোটেলে যান তিন পুলিশ সদস্য। এ সময় হোটেল বয় আবদুল হালিমকে একটি সিগারেটের প্যাকেট রাখতে দেন তারা। সন্দেহ হওয়ায় বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানান হালিম। ঘটনা শুনে পুলিশ সদস্যদের বের করে দিতে বলেন হোটেলের ম্যানেজার। হোটেল বয়ের কথায় পুলিশ সদস্যরা বের হয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।


এ সময় সিগারেটের প্যাকেটটি রূপসী বাংলা হোটেলের পেছনে ফেলে দেয় পুলিশ সদস্য কামরুল। সেখান থেকে প্যাকেটটি উদ্ধার করেন স্থানীয়রা। প্যাকেটের ভেতর ইয়াবা দেখে হোটেলসংলগ্ন আকবরশাহ থানার পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার করে পুলিশ সদস্যদের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের খুলশী থানায় নিয়ে যায় পুলিশ।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই জালাল বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।


এ প্রসঙ্গে সিএমপির ডিসি (উত্তর) আমিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।



সম্পর্কিত খবর