আন্তর্জাতিক
ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সালেহ আহমদ জয়ধর (৩২)। তিনি উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ এলাকার কারবালার টুকের মৃত বিরাম আলীর ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় সীমান্ত পেরিয়ে মাদক আনতে ভারতে অনুপ্রবেশ করেন উপজেলার কালাইরাগের সালেহ আহমদ জয়ধর (৩২), একই গ্রামের মাসুম আহমদ (২২) ও নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া (২৭)। সীমানা থেকে এক কিলোমিটার ভারতের অভ্যন্তর মারকান ও চংকেটের সুপারি বাগান এলাকায় অনুপ্রবেশ করেন তারা। এ সময় চোর সন্দেহে বাগানে থাকা খাসিয়ারা তাদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই সালেহ আহমদ জয়ধরের মৃত্যু হয়।
নাজিরগাঁও গ্রামের সুমন মিয়ার বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রায়ই বিভিন্ন পণ্য ও মাদক আনতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে তারা। বৃহস্পতিবার রাতেও এ জন্যই ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছিলেন। কিন্তু চোর মনে করে সেখানকার খাসিয়ারা অতর্কিত গুলি করে। সেখানেই সালেহ আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সুমন ও মাসুম তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সালেহ আহমেদ ও তার দুই সহযোগীসহ চোরাচালানি মালামাল পরিবহণের সঙ্গে সম্পৃক্ত ছিল। মাদকের চালান আনার উদ্দেশে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং খাসিয়ার গুলিতে সালেহ নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ আনার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।






