আন্তর্জাতিক
হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ পার হয়নি, দাবি ইরানের

ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ চলাচল করেছে—এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এই দাবি করেন।
এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে শনিবার (১১ এপ্রিল) বেশ কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি মাইনমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এই পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতেই ইরান আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো জাহাজ চলাচলের বিষয়টি অস্বীকার করল। এমনকি ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, অনুমতি ছাড়া কোনো বিদেশি জাহাজ এই জলসীমায় প্রবেশ করলে ৩০ মিনিটের মধ্যে তার ওপর হামলা চালানো হবে।
ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে, তখন হরমুজ প্রণালি নিয়ে এমন পরস্পরবিরোধী তথ্য ও উত্তেজনাকর পরিস্থিতি আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা।







