সারাদেশ
উলিপুরে বেগুন ক্ষেতে গাজা চাষের অভিযোগে একজন আটক

ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে বর্গা নেওয়া জমিতে গাজা গাছ চাষ করার অভিযোগে দেলদার (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি বর্গা নেওয়া জমিতে বেগুনের পাশাপাশি গাজার গাছ রোপন করেছিলেন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকায়। আটক ব্যক্তিকে শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় জনৈক সিদ্দিকুর রহমানের জমি বর্গা নিয়ে রওশন আলম দেলদার নামে এক ব্যক্তি গাজার গাছ রোপন করে পরিচর্চা করে আসছিলেন। এরপর শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে দেলদার পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আটক হন।
এরপর আশপাশের মানুষের উপস্থিতিতে পালিয়ে যাওয়ার কারন জানতে চাইলে তিনি স্বীকার করেন বর্গা নেওয়া জমিতে বেগুনের পাশাপাশি গাজার গাছ রোপন করে পরিচর্চা করে আসছিলেন। এ সময় তাকে নিয়ে বেগুন ক্ষেতে গেলে ৫টি গাজার গাছ জব্দ করেন থানা পুলিশ। আটককৃত রওশন আলম দেলদার তবকপুর মাটিয়াল আদর্শবাজার এলাকার রহমত আলী মেম্বারের ছেলে বলে জানা গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, দেলদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






