সারাদেশ
ভালুকায় ছেলের গুলিতে বিএনপি নেতা বাবাসহ আহত ২

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনি দ্বন্দ্বের জেরে ছেলের ছোড়া গুলিতে বাবাসহ ২ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাবা খোকা মিয়া (৬০) ও খোকন মিয়া (৩৮)। খোকা মিয়া হবিরবাড়ি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই এলাকার মৃত আলম মিয়ার ছেলে। খোকন একই এলাকার ফাইজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে খোকা মিয়া প্রচারণা করেন। তার ছেলে তোফায়েল আহমেদ রানা (৩৫) বিএনপির বিদ্রোহী প্রার্থী মুর্শেদ আলমের (হরিণ প্রতীক) পক্ষে কাজ করেন।
নির্বাচন চলাকালে গত ২৫ জানুয়ারি ধানের শীষ ও হরিণের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। ওই সময় সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রানার নেতৃত্বে ভাঙচুর ও হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় দুই পক্ষের চারটি মামলা হয়, যার মধ্যে দুই মামলায় রানা আসামি ছিলেন।
নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বিজয়ী হন।
ঘটনার দিন দুপুরে জামিরদিয়া এলাকায় রানা তার ব্যক্তিগত অফিসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে ছেলেকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে রানা সঙ্গে থাকা পিস্তল দিয়ে বাবাসহ খোকন মিয়াকে তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে খোকা মিয়ার পিঠ ও মাথায় গুলি লাগে।
তাকে রক্ষা করতে গেলে খোকন মিয়াও হামলার শিকার হন। এ সময় রানার অনুসারী নিজাম, নাহিদ, আল-আমিন, রিফাতসহ আরও ১০ থেকে ১২ জন দা ও চাপাতি দিয়ে তাদের কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খোকা মিয়া বলেন, আমার ছেলে রানা আমাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করে। মনে হয় আমার পিঠে একটি বুলেট আটকে আছে। মাথায় ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাথার চামড়া কেটে গেছে।
ঘটনার পর রানা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিনারা আক্তার জানান, দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে একজন জানান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। পূর্বের ঘটনার জেরেই আজকের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সবাই চিকিৎসা নিয়ে ব্যস্ত।






