আন্তর্জাতিক

আবার কবে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ফলপ্রসূ হবে কি?

মিডল ইস্ট আই

শেয়ারঃ

আবার কবে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ফলপ্রসূ হবে কি?

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।


কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসাবে আলোচনায় উঠে এসেছে।

রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।


এর আগে পাকিস্তানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ হয়। সেই আলোচনা ভেস্তে যায়। ইসলামাবাদে অনুষ্ঠিত এ আলোচনায় দুই দেশ প্রস্তাব আদান-প্রদান করলেও চুক্তির মেয়াদ নিয়ে বড় ধরনের ব্যবধান থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০ বছরের শর্তে অনড় থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। যদিও বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১২ বছরের একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অবরোধ শুরু করেছে, যা সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় যুক্তরাষ্ট্রের ওপর অবিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জেনেভায় পূর্ববর্তী বৈঠকে কূটনৈতিক প্রক্রিয়া চলাকালে হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা ভঙ্গ করা হয়েছে।

এখনো চূড়ান্ত সমঝোতা না হলেও যোগাযোগ অব্যাহত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। হোয়াইট হাউসও বলেছে, তাদের অবস্থান অপরিবর্তিত—ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

সব মিলিয়ে, অচলাবস্থা সত্ত্বেও কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে এবং ভবিষ্যতে একটি সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


সূত্র: মিডল ইস্ট আই



সম্পর্কিত খবর