সারাদেশ
সোনাগাজীতে বিএনপির দুই গ্রুপের পৃথক সংঘর্ষে ৫ জন আহত

ছবি : সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাজীরহাট ও লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চলছে।
জানা গেছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় যুবদল কর্মী মোহাম্মদ সুমন এবং কর্মী হারুন ও ফয়সাল আহত হন। আহতদের ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে নিজ দলীয় নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
আহত জসিমের দাবি, কাজীরহাট এলাকায় চাঁদাবাজি ও চুরিতে বাধা দেওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে যুবদলকর্মী বাবুর নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন বলেন, এসব ঘটনা ব্যক্তিগত স্বার্থ নিয়ে হয়েছে, এতে দলীয় কোনো বিষয় নেই। তবে কাজীরহাটে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে স্থানীয় মাদকাসক্তরা জসিম উদ্দিনের ওপর হামলা করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, উপজেলার ৩ নাম্বার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এবং বগাদানা ইউনিয়নের কাজীরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





