সারাদেশ
শিশু সন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। নিহত নিলুফা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন নিলুফা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় তার সঙ্গে থাকা প্রায় চার বছরের একটি শিশু অক্ষত রয়েছে। বর্তমানে শিশুটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।







