রাজনীতি

মঞ্চে শীতল পাটি পেয়ে শুয়ে পড়লেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

মঞ্চে শীতল পাটি পেয়ে শুয়ে পড়লেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয় সমর্থকের কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেন।


দুপুর ২টার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জামায়াত আমির বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব, এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান ছিলেন। তিনি কোনো দলের নয়, পুরো জাতির গর্বের। হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিল—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে।

তিনি বলেন, হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে। বিচারহীনতার যে সংস্কৃতি দেশে চালু রয়েছে, তা চলতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে শহীদের পরিবার শুধু সান্ত্বনা নয়, ন্যায়বিচার পাবে। এটাই আমাদের অঙ্গীকার।


‎জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন এবং ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না।



সম্পর্কিত খবর