রাজনীতি
আড়াইহাজারে বিএনপির সড়কে প্রচারণা মঞ্চ উচ্ছেদ, দুইজনকে জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের নির্বাচনি প্রচারণার জন্য নির্মিত মঞ্চ উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পিবিসি ব্যানার ব্যবহার ও অবৈধ পার্কিংয়ের দায়ে দুইজনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আড়াইহাজার পৌরসভা এলাকায় সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খান বলেন, নিয়মিত টহলের সময় আড়াইহাজার পৌরসভার চালপট্টি বাজার এলাকায় সড়কের ওপর একটি নির্বাচনি সমাবেশের মঞ্চ দেখতে পাই। সমাবেশের অনুমোদন সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা জানান, তাদের কোনো অনুমোদন নেই। পরে আমরা মঞ্চ সরিয়ে নিতে বললে তারা নিজেরাই সবকিছু সরিয়ে নেয়।
অপরদিকে পায়রা চত্বরে পিবিসি ব্যানার ব্যবহার ও সড়ক বিভাজনে টাঙিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পপুলার হাসপাতালের সামনে সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার দায়ে মো. মামুন মিয়া (৩০) নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পৌরসভা বাজার এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধ হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। এতে জরুরি প্রয়োজনে দ্রুত চলাচল ব্যাহত হয়। এ কারণে অভিযান চালিয়ে অবৈধ হকার উচ্ছেদ ও অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়েছে।






