সারাদেশ
সড়কে ককটেল বিস্ফোরণ-টায়ারে আগুন, পাশে পড়ে ছিল আ.লীগের ব্যানার

ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড সড়কে ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির ঘটনা ঘটেছে। পাশে পড়ে ছিল আওয়ামী লীগের ব্যানার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এ সময় বংশীপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত নাইটগার্ড ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে দেখা যায়, সড়কের উপর টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং পাশে কয়েকটি বাঁশের লাঠি ও একটা আওয়ামী লীগের ব্যানার পড়ে রয়েছে। ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ঘর থেকে বের হতে সাহস পাননি।
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল, আওয়ামী লীগের একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল- ড. ইউনূস ও জামায়াত বিএনপির অবৈধ পাতানো নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর ও সাতক্ষীরা।
স্থানীয় আবু সাইদ, জুয়েল, শহিদুল ও শফিকুলসহ কয়েকজন জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি পরিকল্পিত কর্মকাণ্ড হতে পারে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।







