সারাদেশ
গৌরীপুরে আ.লীগ নেতার বাড়িতে আগুন

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বাড়ির তালাবদ্ধ একটি ঘর আসবাবপত্রসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি উপজেলা গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। ওই বাড়িতে তাদের কেউ বসবাস না করায় বাড়ির ঘর তালাবদ্ধ থাকে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে আগুনের লেলিহান দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ি একটি আধপাকা ঘরের কক্ষ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই বাড়িতে কেউ বসবাস না করায় বাড়ির ঘর তালাবদ্ধ থাকে। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকার মতো।
গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার হাসানুজ্জামান শাহীন বলেন, বাড়ির সামনে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, আগুনে বাড়ির পোড়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







