আন্তর্জাতিক
ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড

ছবি : সংগৃহীত
ইরানে হামলার করার জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়েন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি।
উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে।
নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা (নৌযান চলাচল সংক্রান্ত তথ্য) অনুযায়ী, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই 'ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ' বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন।
মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত আর্লি বার্ক-ক্লাস ডেস্ট্রয়ার 'ইউএসএস মাহান' মরক্কো ও স্পেনের মধ্যকার পানিপথ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।
ধারণা করা হচ্ছে, বিমানবাহী রণতরীটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থানে যেতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে।






