আন্তর্জাতিক
উত্তেজনার মধ্যেও মসজিদুল আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

ছবি : সংগৃহীত
চলমান উত্তেজনার মধ্যেও রমজানের প্রথম দিকেই আল-আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ৫০ হাজার মুসল্লি। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে রোববার সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরাইলি সেনাবাহিনীর অভিযান এবং গ্রেফতারসহ তীব্র উত্তেজনার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করছেন।
দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার রাতে এশা ও রমজানের তারাবির নামাজে অংশ নেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরাইলি সামরিক চেকপয়েন্ট ও কড়া যাচাইয়ের মধ্যেও মুসল্লিরা মসজিদে সমবেত হন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সম্প্রতি জেরুজালেমের অন্তত ৩০০ বাসিন্দাকে রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
একই সঙ্গে জেরুজালেম শহরে ইসরাইলি বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মসজিদে প্রবেশে আরোপ করা হয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধও। ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে।
গত বুধবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি নামাজ আদায়ের আশায় সামরিক চেকপয়েন্টগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে মুসল্লিদের ভিড় দেখা গেছে।
চলমান এসব বাধা ও উত্তেজনার মধ্যেও আল-আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের পবিত্রতা ও ইবাদতে তাদের অটলতারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।







