আন্তর্জাতিক
টিভি সাক্ষাৎকারে বিজেপি নেতা বললেন, ‘জীবনে একবারই হত্যা করেছি’

ছবি : সংগৃহীত
ভারতীয় রেসলিং ফেডারেশনের (WFI) সাবেক সভাপতি এবং বিজেপি সংসদ সদস্য ব্রিজ ভূষণ সিং এক সাক্ষাৎকারে এক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বন্ধুকে গুলি করার প্রতিশোধ নিতে বা আত্মরক্ষার্থে তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিলেন।
প্রবীণ সাংবাদিক চিত্রা ত্রিপাঠীর সঙ্গে উত্তরপ্রদেশের গ্যাংওয়ার নিয়ে আলোচনার এক পর্যায়ে ব্রিজ ভূষণ সিংকে জিজ্ঞাসা করা হয় তিনি কখনো কাউকে হত্যা করেছেন কিনা। এর উত্তরে তিনি অকপটে বলেন, ‘আমার এক বন্ধুকে গুলি করা হয়েছিল। যে মুহূর্তে আততায়ী আমার দিকে বন্দুক তাক করে, আমি তাকে পাল্টা গুলি করি। আপনি একে আত্মরক্ষা বলতে পারেন বা প্রতিশোধ, কিন্তু আমি একজনকে হত্যা করেছি।’
হত্যাকাণ্ডের জন্য কোনো শাস্তি ভোগ করেছেন কিনা বা এর জন্য কোনো অনুশোচনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ব্রিজ ভূষণ জানান, তার কোনো অনুশোচনা নেই।
এমনকি বিষয়টি স্পষ্ট করতে তিনি সঞ্চালকের দিকে ইঙ্গিত করে বলেন, যদি কেউ সঞ্চালককে চড় মারে, তবে তিনিও একইভাবে পাল্টা আঘাত করবেন। তিনি বলেন, ‘কোনো অনুশোচনা নেই। ধরুন, আপনাকে কেউ এই মুহূর্তে এসে চড় মারল। এটা দেখে কি আমি বসে থাকব? তাকে চড় মারব না? এটা কেমন কথা হল!’
ব্রিজ ভূষণ সিং ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ছিলেন। তার সময়ে ভারতীয় রেসলিং আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য পেলেও, ২০২৩ সালে তার বিরুদ্ধে নারী রেসলাররা যৌন হয়রানির অভিযোগ তুললে দেশজুড়ে তীব্র আন্দোলনের সৃষ্টি হয় এবং ভারতের ক্রীড়া প্রশাসন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।







