আন্তর্জাতিক
সাড়ে তিন কোটি মানুষের জীবন বাঁচানোর দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব আগেও বহুবার নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার হস্তক্ষেপের কারণেই বেঁচে গেছে ৩ কোটি ৫০ লাখের বেশি মানুষের জীবন।
কংগ্রেস সদস্যদের সামনে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান যুদ্ধ অনেকটাই পারমাণবিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছিল। তিনি বলেন, পাকিস্তান ও ভারত পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) বলেছেন, আমার সম্পৃক্ততা না থাকলে ৩ কোটি ৫০ লাখ মানুষ মারা যেত।
২০২৫ সালের মে মাসের সংঘাতের পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি ভারত-পাকিস্তান উত্তেজনা থামাতে বড় ভূমিকা রেখেছেন। তার প্রশাসন বাণিজ্য চুক্তি ও শুল্ক আরোপের হুমকিকে চাপ হিসেবে ব্যবহার করে দুই দেশকে উত্তেজনা না বাড়াতে রাজি করায়। তবে নয়াদিল্লি এই দাবি সমর্থন করেনি।
ট্রাম্প যে সংঘাতের কথা উল্লেখ করেন, তা শুরু হয় গত বছরের ২২ এপ্রিল পাহালগাম হামলার পর। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান চালায়। পরে পাল্টা জবাব দেয় পাকিস্তানও।
গত সপ্তাহে ট্রাম্প একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ভারত ও পাকিস্তান নিজেদের বিরোধ না মেটালে তিনি বাণিজ্য আলোচনা বন্ধ করে দেবেন। তিনি বলেন, আমি তাদের ফোন করে বলেছিলাম, তোমরা যদি এই সমস্যা সমাধান না কর, তাহলে আমি তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না… আর যদি লড়াই করো, তাহলে তোমাদের প্রত্যেক দেশের ওপর ২০০ শতাংশ শুল্ক বসিয়ে দেব।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ৮০ বারেরও বেশি দাবি করেছেন যে তিনিই ভারত-পাকিস্তান সংঘাত থামিয়েছেন। সংঘাত চলাকালে কতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, সে সম্পর্কেও তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংখ্যা উল্লেখ করেছেন। তবে তিনি স্পষ্ট করেননি, কোন দেশের বিমান সম্পর্কে তিনি কথা বলছিলেন।
তবে নয়াদিল্লি জানিয়েছে ১০ মে হওয়া যুদ্ধবিরতি ছিল ভারত ও পাকিস্তানের সরাসরি আলোচনার ফল, এতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।






