সারাদেশ
তিন মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় তিনটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিদ্ধান্তে অনুমোদন দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত।
বহিষ্কৃত নেতার নাম মামুন মিয়া। তিনি রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ধরতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় সদস্য হামলার শিকার হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত অভিযানে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (পূর্ব) কলমাকান্দা থানায় তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোতে ৩৫ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিনটি মামলাতেই মামুন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে।
আনোয়ার হোসেন আজাদ উপজেলার ডাইয়ারকান্দা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।





