সারাদেশ
ইফতার পার্টি করে ফেসবুকে ভিডিও দিল নিষিদ্ধ ছাত্রলীগ

ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে ইফতার পার্টি ও মিছিল করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ। কর্মসূচি দুটির ভিডিও প্রকাশ করেছে তারা। সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাতাব্বরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ ইফতার পার্টি আয়োজন করা হয়।
ইফতার শেষে ছাত্রলীগ ক্যাডাররা গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী তার নিজের ফেসবুক আইডিতে ইফতার পরবর্তী মিছিলের ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এখানে উপস্থিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সব মুজিব সৈনিকের প্রতি অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা রইল।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে জনসমক্ষে না এসে নদীর তীরের নির্জন এলাকায় গোপনে এ ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। তবে ভিডিওটি ফেসবুকে আসার পর স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় ক্যাডারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে জানতে কমলনগর থানার ওসি ফরিদুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।







