সারাদেশ

মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা হচ্ছিল ৫ কোটি টাকার ইয়াবা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা হচ্ছিল ৫ কোটি টাকার ইয়াবা

ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি জাহাজে করে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছিল-এমন খবরে চট্টগ্রামে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতাররা হলেন- ইমরান হোসেন, আনিস উদ্দিন, মনির হোসেন, আলী ও রুবেল। তাদের কাছ থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে মিডিয়া ব্রিফিংয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেড জাহাজে করে বিপুল ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে। খবর পেয়ে র‌্যাব বাল্কহেডটির গতিবিধি অনুসরণ করে। একপর্যায়ে বাল্কহেডটি পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করে।


ওই বাল্কহেডে থাকা লোকজন নেমে পালানোর চেষ্টা করে। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে ওই বাল্কহেডে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা মূলত শ্রমিক হিসেবে বাল্কহেডে কাজ করতেন এবং নির্দিষ্ট স্থানে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। তারা এ কাজের জন্য প্রত্যেকে প্রায় ১৫ হাজার টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। ইয়াবার চালানটি মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত খবর