সারাদেশ
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ছবি : সংগৃহীত
সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে কাঁচপুর সেতু এলাকায় বালুর লোড-আনলোড ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই দফায় চলে এ সংঘর্ষ।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের লোকজন ইজারা ফি পরিশোধ করে ঘাট বুঝে নিতে গেলে সরকারের রাজস্ব বঞ্চিত করে চাঁদা তোলা বাহিনী বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। র্যাব-১১ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শীতলক্ষ্যা নদীর পাড়ে বালুর ঘাটের ইজারাদার ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। গত ২০২১ সালে ইজারার মেয়াদ শেষ হলে পলিন উচ্চ আদালতে মামলা করেন। মামলা চলমান থাকায় নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নতুন করে কাউকে ইজারা দিতে পারছে না। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয়।
দেশের পটপরিবর্তনের পর পলিন এলাকা ছেড়ে পালিয়ে গেলে ঘাট নিয়ন্ত্রণ নেয় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিনের ছেলে কায়সার রিফাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গিয়াস উদ্দিনের ছেলে ও তার লোকজন স্বেচ্ছায় ঘাট ছেড়ে দেন।
অভিযোগ উঠেছে, সম্প্রতি ইজারাদার পলিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধ্যাপক মামুন মাহমুদের ছোট ভাই রাসেল মাহমুদকে সাব-ইজারাদার নিয়োগ করেন। সাব-ইজারা নিয়ে রাসেল মাহমুদ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ম্যানেজ করে বুধবার (১১ মার্চ) দুপুরে ঘাটের দখল বুঝে নিতে যায়। তখন তাদের বাধা দেয় এতদিন যারা রাজস্ব জমা না দিয়ে টাকা উত্তোলন করেছিল তারা। এতে উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া। এতে জহির, নূর হোসেন, নজরুল, জিয়াসহ অন্তত ১৫ জন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি পক্ষ ঘাট দখল করে সরকারের রাজস্ব পরিশোধ না করে টাকা উত্তোলন করত। সম্প্রতি বৈধ ইজারাদার পলিন তার প্রতিনিধি হিসেবে আমার ছোট ভাই রাসেলকে প্রতিনিধি নিয়োগ করে। আমার ভাই পে-অর্ডারের মাধ্যমে সরকারের রাজস্ব জমা দিয়ে বিআইডব্লিউটিএর লোকজন নিয়ে ওই ঘাট বুঝে নিতে যায়। এতে ক্ষিপ্ত হয় এতদিন যারা রাজস্ব না দিয়ে চাঁদা উত্তোলন করেছিল তারা এসে আমার ভাই ও যারা এ ইজারার লভ্যাংশের ভাগ পাবে (বিএনপির কর্মীরা) তাদের ওপর চড়াও হয়ে হামলা করে। একপর্যায়ে আমার লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনা জানালে র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার বলেন, বহুল আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনের ছোট ভাই নূরুদ্দিন ও তার ভাতিজা বাদলের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যোগসাজশ করে অধ্যাপক মামুন মাহমুদ তার ভাই রাসেল মাহমুদকে দিয়ে নদীপাড়ের পাথর বালুর ঘাট দখল করতে এসেছিল। আমরা বাধা দিলে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সরকারিভাবে বিআইডব্লিউটিএর ইজারাদার মাহমুদুল হাসান পলিন। তার করা একটি মামলা চলমান থাকায় নতুন করে কাউকে ইজারা দেওয়া হয়নি। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘাট পরিচালনার জন্য পলিনের মনোনীত ব্যক্তি মাসে মাসে পে অর্ডারের মাধ্যমে সরকারি রাজস্ব জমা দিয়ে ঘাট চালাচ্ছেন। রাসেল মাহমুদকে পলিন তার প্রতিনিধি মনোনীত করেছেন। তিনি এসে পে-অর্ডার জমা দিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, নদীপাড়ের পাথর বালুর ঘাট নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় একপক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






