সারাদেশ
আসামি গ্রেফতারের সময় হামলার শিকার র্যাব, ৮ সদস্য আহত

ছবি : সংগৃহীত
কক্সবাজার টেকনাফে ১৭ মামলার আসামি মেহেদী হাসান ফরিদকে (৪০) গ্রেফতারের পর র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় র্যাবের ৮ সদস্য আহত হয়েছেন। এছাড়া র্যাবের ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ফরিদ আলম প্রকাশ মেহেদী হাসান ফরিদ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের সিদ্দিক আহমদের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার আসামি মো. ফরিদুল আলম প্রকাশ মেহেদী হাসান প্রকাশ ফরিদকে গ্রেফতার করে। এ সময় আসামির নির্দেশে ১০০-১৫০ লোক র্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে ৮ জন র্যাব সদস্য আহত হন। এ সময় ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান।






