সারাদেশ

বাবুগঞ্জে মাদক ও নগদ ঢাকাসহ বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বাবুগঞ্জে মাদক ও নগদ ঢাকাসহ বিএনপি নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে এ অভিযান চালিয়ে মো. এনামুলকে (৪৫) গ্রেফতার করা হয়।


এ সময় তার বাড়ি থেকে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।


এনামুল ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

মামলার সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম মাদক কারবারিতে জড়িত থাকায় এনামুলকে আদালতে সোপার্দ করে। এ সময় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।



সম্পর্কিত খবর