সারাদেশ
ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভিজিএফ চাল বিতরণে জেলে প্রতি ১০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নদীতে জাটকা আরহণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ চাল বিতরণকালে এ অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম এ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ইউনিয়ন প্রশাসক টাকা নেওয়া শুরু করলে জেলেরা এর প্রতিবাদ জানান। এরপর পরিস্থতি শান্ত হলে পরে সংশ্লিষ্ট জেলেদের কাছ থেকে অর্থ আদায় ছাড়াই চাল বিতরণ করা হয়।
স্থানীয় হোগলপাতি গ্রামের উপকারভোগী জেলে শহীদ হাওলাদার অভিযোগ করেন, চাল নিতে ইউনিয়ন পরিষদে এসে শুনি প্রতি জেলেকে ১০০ টাকা করে জমা দিতে হবে। স্থানীয় ইউপি সদস্য মো. হারুন অর রশীদ সকল জেলে মাথাপিছু ১০০ টাকা করে দাবি করেন। জেলেদের কেউ কেউ ওই টাকা জমা দিতে গেলে অন্যান্যদের মাঝে বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় জেলে গফফর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে চাল নিতে এসে শুনি ইউপি সদস্যরা জেলেদের মাথাপিছু ১০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। ওই টাকা না দিলে জেলে প্রতি ৮০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি দেওয়া হবে বলেও জানানো হয়।
আমড়াগাছিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম হাওলাদার বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান ও তার পরিষদে চাল বিতরণ করা হয়েছে। এ বছর নতুন প্রশাসকের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলেদের ৮০ কেজি করে চাল বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, আমরা পরিবহণ খরচ বাবদ ১০০ টাকা করে নির্ধারণ করেছিলাম। পরবর্তীতে জেলেরা প্রতিবাদ জানান। এখন সরকারি নীতিমালা অনুযায়ী বিতরণ করা হবে।
উল্লেখ্য, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আমড়াগাছিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৬৬০ জন বেকার জেলেদের ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।






