সারাদেশ
পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

ছবি : সংগৃহীত
সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় ইয়াবাসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদকসহ আটক দুইজনকে থানায় নিয়ে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদক উদ্ধার এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে এসআই (নিরস্ত্র) মো. আলিফ সঙ্গীয় ফোর্স নিয়ে শাহপরাণ (রহ.) থানাধীন দলইপাড়া এলাকার উলনার মুখে আহাদের দোকানের সামনে অভিযান চালান। তখন ডাবল কেবিন পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ওই এলাকার মো. ছামছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও আলীবাগ এলাকার জাবেদ আহমদ (২৬) নামে দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের থানায় নিয়ে যাওয়ার পথে তাদের চিৎকারে বেশ কয়েকজন ছুটে এসে পুলিশের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে- আব্দুল আহাদ কুটন (৪০), এনাম (৩৫), সাকিব (২৪), রেবুল (২৭), রোমান আহমদ (২৬) ও রাজিব আহমদ (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন সংঘবদ্ধভাবে পুলিশকে ঘিরে ফেলে। তারা পুলিশকে মারধর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা আটককৃতদের নিয়ে গাড়িসহ পালিয়ে যেতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
তিনি আরও জানান, হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি এবং মাদক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।




