আন্তর্জাতিক
যুক্তরাজ্যের সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টাকালে আটক ইরানি যুবক

ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে অনধিকার প্রবেশের চেষ্টার অভিযোগে এক ইরানি যুবক ও এক রোমানীয় তরুণীকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, স্কটল্যান্ডের অত্যন্ত সুরক্ষিত হ্যামিল্টন নেভাল বেস ক্লাইড-এ অনুপ্রবেশের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ৩৪ বছর বয়সী ওই ইরানি পুরুষ এবং ৩১ বছর বয়সী রোমানীয় নারীর বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাজ্যের অত্যন্ত সংবেদনশীল এই পারমাণবিক ঘাঁটিতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। এই ঘাঁটিটি মূলত ব্রিটিশ নৌবাহিনীর পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বহরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত এই দুজনকে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো ইরানি গোয়েন্দা বা স্পাই হিসেবে সন্দেহ করছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তাদের গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং আগামী সোমবার (২৩ মার্চ) তাদের ডাম্বার্টন শেরিফ আদালতে হাজির করার কথা রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ঘটনায় যুক্তরাজ্য ও ইরানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এমন স্পর্শকাতর স্থানে এই গ্রেফতারের ঘটনাটি ঘটল। এই ঘটনা ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা।







