আন্তর্জাতিক
ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান

ছবি : সংগৃহীত
ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইরান। বরং মার্কিন এই হুঁশিয়ারির জবাবে তেহরান পাল্টা হুমকির সুর আরও কড়া করেছে।
ইরানের সশস্ত্র বাহিনী একটি বার্তা প্রকাশ করে সতর্ক করেছে যে যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয়, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধ করে দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথ আর উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।
ইরানি বাহিনীর এই বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা কেবল রক্ষণাত্মক থাকবে না, বরং সরাসরি ইসরাইলি বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত, সেখানকার বিদ্যুৎকেন্দ্রগুলোও ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর এই বার্তার ঠিক আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। যুদ্ধ ব্যবস্থাপনায় বর্তমানে অত্যন্ত সক্রিয় এই নেতা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলজুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে।
সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
সূত্র: আলজাজিরা।







