আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে রুশ তেলবাহী তুর্কি ট্যাঙ্কারে ড্রোন হামলা

দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

শেয়ারঃ

কৃষ্ণসাগরে রুশ তেলবাহী তুর্কি ট্যাঙ্কারে ড্রোন হামলা

ছবি : সংগৃহীত

তুরস্কের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, রাশিয়া থেকে ছেড়ে আসা একটি তুর্কি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে বৃহস্পতিবার (২৬ মার্চ) কৃষ্ণসাগরে ইস্তাম্বুলের বসফরাস প্রণালির কাছে একটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে সেখানে বিস্ফোরণ ঘটে।


পরিবহন মন্ত্রী আব্দুলকাদির উরালোলু সম্প্রচারমাধ্যম 'কানাল ২৪'-কে বলেন, রুশ বন্দর থেকে আসা বা যাওয়ার পথে পশ্চিমা নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোর ওপর গত কয়েক মাসে যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ঘটে।

তিনি জানান, জাহাজের ২৭ ক্রু সদস্যই নিরাপদ আছেন। কোস্টগার্ডকে 'আলতুরা' নামক ওই জাহাজের কাছে পাঠানো হয়েছে। জাহাজটি বসফরাস প্রণালি থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল (৩৩ কিমি) দূরে অবস্থান করছিল।


বসফরাস প্রণালি কৃষ্ণসাগরকে মারমারা ও ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্তকারী পণ্য পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

উরালোলু বলেন, তুর্কি জলসীমার ঠিক বাইরে হওয়া এই হামলার লক্ষ্য ছিল সম্ভবত সিয়েরা লিওনের পতাকাবাহী ওই জাহাজটির ইঞ্জিন রুম অকেজো করে দেওয়া, যা রাশিয়ার তেল বহন করছিল।


শিপ-ট্র্যাকিং এবং রিফিনিটিভ এআইএস তথ্য অনুযায়ী, আলতুরা জাহাজটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা হয়েছিল এবং এটি প্রায় পূর্ণ বোঝাই ছিল।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। কৃষ্ণসাগরের অংশীদার হিসেবে রাশিয়া ও ইউক্রেন গত চার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত, এ ছাড়া সেখানে আরও কয়েকটি দেশের সীমান্ত রয়েছে।


গত বছরের শেষের দিকে ইউক্রেনীয় ড্রোন কৃষ্ণসাগরে রুশ অভিমুখী ট্যাঙ্কারে আঘাত হানার পর শিপিং ইন্স্যুরেন্স রেট (বীমা খরচ) বেড়ে গিয়েছিল। ওই ঘটনায় মস্কো প্রতিশোধের হুমকি দিয়েছিল এবং ন্যাটো সদস্য তুরস্ক পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছিল।

বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে মস্কো বা কিয়েভ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিফিনিটিভের তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজটির নিবন্ধিত মালিক চীনভিত্তিক 'সি গ্রেস শিপিং লিমিটেড' এবং এর ব্যবস্থাপক হলো তুরস্কভিত্তিক 'পেরগামন দেনিজিলিক'।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে রয়টার্স তাৎক্ষণিকভাবে পেরগামনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।


এর আগে সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছিল যে, জাহাজের ব্রিজে বিস্ফোরণ হয়েছে এবং ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে, যার ফলে ক্রুরা সহায়তার আবেদন জানিয়েছেন।


সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।


সম্পর্কিত খবর