সারাদেশ

নরসিংদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইমামকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নরসিংদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইমামকে কুপিয়ে জখম

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের এক ইমামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে মো. নাহিদ হাসান (২০) নামে ওই ইমাম গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।


আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।

আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা। তারা জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনের নাম সনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর