সারাদেশ
বিএনপি নেতার বাড়ি দখল করে আবাসিক হোটেল, মদের ব্যবসা করতেন মাসুদ

ছবি : সংগৃহীত
গুলশানের ৫০ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি সাবেক সচিব ও বিএনপি নেতা এএইচ মোফাজ্জল করিমের। আওয়ামী লীগ সরকারের আমলে সেই বাড়ির দখল নিয়েছিলেন অবসরপ্রাপ্ত লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী। সেখানে তিনি চালাতেন আবাসিক হোটেল, বসত মদের আড্ডাও।
২০০৩ সালে পাঁচ কাঠা জমির উপর ছয় তলা এই বাড়িটি নির্মিত হয়। কিন্তু ১৭ বছর ধরে নিজের বাড়িতেই ঢুকতে পারেননি মোফাজ্জল করিম। কারণ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাড়িটি কার্যত দখলে নেন অবসরপ্রাপ্ত লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী।
সেখানে চলত কোয়ালিটি ইন নামের একটি আবাসিক হোটেল। অভিযোগ রয়েছে, এই হোটেলে অবৈধ মদের ব্যবসাসহ নিয়মিত ডিজে পার্টির আয়োজন হতো। প্রতিবাদ করায় গুলশান সোসাইটির সংশ্লিষ্টদের গোয়েন্দা সংস্থা দিয়ে হয়রানি করা হয়।
মোফাজ্জল করিম বুধবার যুগান্তরকে বলেছেন, ‘তাদের কাছে এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকারও বেশি ভাড়া পাওনা রয়েছে। র্যাব, পুলিশসহ অনেকের দ্বারে দ্বারে গিয়েছি। কোথাও থেকে ন্যূনতম আইনগত সহায়তাও পাওয়া যায়নি।’
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলায়। মাসুদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা আত্মগোপনে যান। ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজন গ্রেফতার হন। এরপর হোটেলের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং মালিকপক্ষ বাড়ির দখল ফিরে পান।
সম্প্রতি মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।







